
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার একটি বিশেষ অভিযানে একাধিক হত্যা, হামলা ও বিস্ফোরক মামলার পলাতক ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও কর্ণফুলীর জুলধা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ নুরুল হক চৌধুরী এবং কর্ণফুলী থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন।
অভিযানটি পরিচালিত হয় ৩ মে ২০২৫ তারিখ সকালে চান্দগাঁও থানা এলাকায়। থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই জায়েদ আব্দল্লাহ বিন ছরওয়ার, এসআই আব্দুল কুদ্দুছ, এসআই কাজী মনিরুল করিম, এসআই ফয়সাল ও এসআই নুরুল হাকিম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে আসামিদের পৃথক পৃথক এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চট্টগ্রামের চান্দগাঁও থানায় একাধিক মামলা রয়েছে। যার মধ্যে রয়েছে হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য আইন, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ এবং সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ড। মামলা নং-১৫ (১৯/০৮/২০২৪), মামলা নং-১২ (১৬/০৮/২০২৪), মামলা নং-১৮ (২১/০৮/২০২৪), এবং মামলা নং-২৬ (২০/০৯/২০২৪) সহ মোট পাঁচটি মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
আওয়ামী লীগ রাজনৈতিক পরিচয়ধারী এই আসামিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেফতারি পরোয়ানা ছিল। পুলিশ জানিয়েছে, তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন সময় সংঘাত ও নাশকতায় যুক্ত ছিলেন। বিশেষ করে স্লোগান ও গোপন বৈঠকের মাধ্যমে এলাকায় উত্তেজনা ছড়ানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত নুরুল হক চৌধুরী এবং ইকবাল হোসেন দীর্ঘদিন পলাতক ছিলেন এবং সম্প্রতি এলাকায় সক্রিয় হয়ে পুনরায় সংগঠনের নামে মিছিল-মিটিং ও সংঘবদ্ধ তৎপরতায় অংশ নিচ্ছিলেন।
চান্দগাঁও থানা ওসি মোঃ আফতাব উদ্দিন জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



