
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি মাইক্রোবাস থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে আটক করা হয়েছে দুইজন অস্ত্র ব্যবসায়ীকে, জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস।
শুক্রবার (২ মে) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পুলিশ। জানা যায়, কক্সবাজারের মহেশখালী থেকে একটি মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ অস্ত্র নোয়াখালীর উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। খবর পেয়ে জেলা পুলিশের নির্দেশনায় বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়। এক পর্যায়ে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া বাজার সংলগ্ন মহাসড়কে একটি মাইক্রোবাসকে থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতরে লুকানো অবস্থায় উদ্ধার করা হয় ৬টি শ্যুটার গান, ১টি দেশীয় তৈরী রাইফেল ও ১টি এক নলা বন্দুক।
গ্রেপ্তারকৃত দুই আসামি হলেন—বরিশাল জেলার বিমানবন্দর থানার ইছাকাঠি ইউনিয়নের বাসিন্দা মো. মনির হোসেন (৪৫) এবং নোয়াখালীর চাটখিল উপজেলার রাম নারায়ণ ইউনিয়নের বাসিন্দা মো. মনির হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, এসব অস্ত্র তারা মহেশখালী থেকে সংগ্রহ করে নোয়াখালীতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছিলেন।
পুলিশ জানায়, এই অস্ত্রগুলো স্থানীয় সন্ত্রাসীদের কাছে বিক্রির উদ্দেশ্যে আনা হচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৩ মে) সকালে তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানো হবে।
জেলা পুলিশ জানায়, অস্ত্র চোরাচালান রোধে মহাসড়কে নিয়মিত তল্লাশি জোরদার করা হয়েছে এবং এই ধরনের অপরাধের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরালো করা হবে।



