
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনের নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সারা দেশে প্রতিবাদ বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সুন্নি জনতা। হত্যাকাণ্ডের পর প্রশাসনের নিস্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করে এবার আন্দোলনের ঘোষণা দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এবং ছাত্রসেনা। শনিবার (৩ মে) বিকেলে চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘী ময়দানে অনুষ্ঠিত এক বিশাল প্রতিবাদ সমাবেশ থেকে ‘মার্চ টু গাজীপুর’ এবং ‘সারা দেশে সড়ক অবরোধ কর্মসূচি’ ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী রবিবার (৪ মে) দেশজুড়ে ‘মার্চ টু গাজীপুর’ এবং সোমবার (৫ মে) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করা হবে।
সমাবেশে বক্তারা বলেন, রইস উদ্দিন একজন সম্মানিত ইমাম ও খতিব ছিলেন। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, পুলিশ এখনো মামলা নিতে অনীহা দেখাচ্ছে, যা বিচারহীনতার সংস্কৃতির নগ্ন বহিঃপ্রকাশ। তারা বলেন, বারবার সুন্নি আলেমদের হত্যার বিচার না হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামা’আতের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনউদ্দিন আশরাফী সমাবেশে বলেন, “শহীদ আল্লামা নুরুল ফারুকীর হত্যার বিচার হয়নি, আজ রইস উদ্দিনের বিচার নিয়েও আমরা শঙ্কিত। এবার আর পিছিয়ে যাওয়া হবে না। যদি খুনিদের দ্রুত গ্রেপ্তার না করা হয়, তবে বৃহত্তর আন্দোলন ঘোষণা করা হবে।”
ছাত্রসেনার মহাসচিব মুফতি আবুল কাশেম ফজলুল হক বলেন, “আমরা আজ মাঠে নেমেছি একজন ইমামের সম্মান রক্ষার জন্য, একজন খতিবের হত্যার বিচার চেয়ে। আমাদের শরীরে আজ নতুন মেরুদণ্ড প্রতিস্থাপিত হয়েছে—মেইড ইন কারবালা। এই মেরুদণ্ড ভাঙবে, কিন্তু মচকাবে না।” তিনি পুলিশের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে বলেন, “গাজীপুর পুবাইল থানা পুলিশের আচরণ আমাদের মনে করিয়ে দেয় ৫ আগস্টের যাত্রাবাড়ি থানার সেই অমানবিক আচরণ। সরকারকে নতুন ‘পাঠশালা’ খুলে সেই পুলিশদের ভর্তির আহ্বান জানাই।”
আহলে সুন্নাতের নির্বাহী মহাসচিব মুফতি অছিয়র রহমান আলকাদেরী বলেন, “সুন্নি জনতার প্রতি বারবার অবিচার চললে এবার রাজপথে নেমে কঠিন জবাব দেওয়া হবে। সুন্নি জনতা আর মাথা নিচু করে বসে থাকবে না।” তিনি বলেন, “আমরা রইস উদ্দিনের রক্তের প্রতিটি বিন্দুর বিচার নিয়েই ঘরে ফিরবো ইনশাআল্লাহ।”
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। বক্তারা সবাইকে আহ্বান জানান রবিবারের ‘মার্চ টু গাজীপুর’ কর্মসূচি এবং সোমবারের সড়ক অবরোধ সফল করতে। তারা আরও জানান, এই আন্দোলন কেবল রইস উদ্দিনের জন্য নয়, বরং সুন্নি আলেমদের সম্মান ও নিরাপত্তা রক্ষার জন্য সারাদেশে সুসংগঠিত এক ঐক্যবদ্ধ প্রতিরোধ।



