
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহাঙ্গীর আলমকে প্যানেল চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় জনতা। শুক্রবার (৬ জুন) বিকেলে শিকলবাহা সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে পরিষদের মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান তারা। মূল ফটকে কাঁটা তারও ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ জনতা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস এম ফারুক হোসাইন, জেলা ছাত্রদলের সদস্যসচিব কামরুদ্দীন সবুজ, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাহেদ শামীম, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব দিদারুল আলম, কৃষক দলের সদস্যসচিব বাহারুল বাহার, যুবদল নেতা ইকবাল ইয়াছিন, রুবেল, সাবেক ইউপি সদস্য নুর ইদ্রিস, বিএনপি নেতা আব্দুল গফুর, মোজাম্মেল হক ও যুবদলের সদস্য ফয়সাল প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, গত ১৬ বছর ধরে জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে এলাকার অসহায় মানুষদের ক্ষতিগ্রস্ত করেছেন, আর্থিক দুর্নীতিতে জড়িয়েছেন এবং নানা অপকর্ম করেছেন। তারা দাবি করেন, স্থানীয় জনপ্রতিনিধি নয় বরং আর্থিক লেনদেনের মাধ্যমে তিনি প্যানেল চেয়ারম্যান হয়েছেন। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে ঈদের পর আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।
প্রসঙ্গত, গত ৪ জুন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক অফিস আদেশে শিকলবাহা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে প্যানেল চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই আদেশের বিরুদ্ধেই জনগণ সরব হয়ে মাঠে নেমেছে।



