
রাজধানীর উত্তরায় একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন, আহত হয়েছেন স্কুল শিক্ষার্থী সহ অন্তত ২৯ জন। সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ’-এর একটি ভবনের ওপর বিধ্বস্ত হলে এ দুর্ঘটনা ঘটে। বিকট শব্দে দুর্ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
উদ্ধারকারী দল সূত্রে জানা যায়, দুর্ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাকে ফায়ার সার্ভিস সদস্যরা ব্যাগে করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যান। এছাড়া আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় অন্তত ২৯ থেকে ৩০ জনকে। তাদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় অন্যান্য বিশেষায়িত হাসপাতালে রেফার করা হয়েছে।
হাসপাতাল প্রাঙ্গণে দেখা গেছে, আহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা ভিড় করেছেন। অনেকের চোখে-মুখে আতঙ্ক ও উদ্বেগ স্পষ্ট। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আহতদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিমানটি কেন এবং কীভাবে বিধ্বস্ত হলো, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্তে বিমান বাহিনীর পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি প্রশিক্ষণকালীন দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, দুর্ঘটনার সময় ক্লাস চলছিল না, তবে স্কুল ভবনে স্টাফরা অবস্থান করছিলেন। এ কারণে বড় ধরনের প্রাণহানির ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে ধারণা সংশ্লিষ্টদের। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



