
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার পাশেই সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে শিক্ষাপ্রতিষ্ঠানজুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার সময় ক্লাস চলছিল প্রাথমিক শ্রেণির শিশুদের। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো ভবন। মুহূর্তেই ধোঁয়ার কুণ্ডলী চারদিকে ছড়িয়ে পড়ে। এমন আতঙ্কে ভয়ে চিৎকার করে কাঁদতে থাকে শিশুরা, অনেকেই ক্লাসরুম ছেড়ে দৌড়ে মাঠে চলে আসে।
সরেজমিনে দেখা যায়, মাইলস্টোন কলেজের মূল ক্যাম্পাসের উত্তর পাশে অবস্থিত খেলার মাঠ ঘেঁষা অংশে বিমানটি বিধ্বস্ত হয়। ঠিক তার পাশেই রয়েছে স্কুলের প্রাথমিক ভবন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে আসেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। অনেক মা-বাবা গেটের বাইরে দাঁড়িয়ে সন্তানদের নাম ধরে ডাকতে থাকেন, অনেকে কান্নায় ভেঙে পড়েন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও অভিভাবকেরা জানান, বিকট শব্দ ও আগুন দেখে তারা প্রথমে বুঝে উঠতে পারেননি কী ঘটেছে। জানালার বাইরে ধোঁয়ার কুণ্ডলী দেখে ছাত্রছাত্রীরা আরও ভীত হয়ে পড়ে। এক পর্যায়ে শিক্ষক ও নিরাপত্তা কর্মীরা দ্রুত শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ও স্কুল কর্তৃপক্ষ একযোগে শিশুদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেয়।”
এদিকে, দুর্ঘটনায় দগ্ধ হয়ে অন্তত ৩৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে বলে জানিয়েছে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস, বিমান বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।
এই দুর্ঘটনা উত্তরার শিক্ষাঙ্গনে এক ভয়ের স্মৃতি হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মনে করছেন এলাকাবাসী।



