
চট্টগ্রামের কর্ণফুলী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে গ্রেপ্তার করেছে এলাকার কুখ্যাত সন্ত্রাসী মোঃ জসিম উদ্দিন ওরফে ‘টোয়েন্টি জসিম’কে। মঙ্গলবার (১৬ জুলাই ২০২৫) কর্ণফুলী উপজেলার বৈরাগ ইউনিয়নের কোট্টাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মোঃ জসিম উদ্দিন (৩৯), পিতা-মৃত নসু মিয়া ওরফে নজু মিয়া, মাতা-মৃত মমতাজ বেগম। তার ঠিকানা উত্তর বন্দর, কোট্টাপাড়া, ০২নং ওয়ার্ড, নুর মোহাম্মদ মেম্বারের বাড়ি, বৈরাগ ইউনিয়ন, কর্ণফুলী, চট্টগ্রাম। পুলিশ জানায়, তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় অস্ত্র, ডাকাতি, দস্যুতা ও মাদক সংশ্লিষ্ট মোট ১১টি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, টোয়েন্টি জসিম দীর্ঘদিন ধরে কর্ণফুলীসহ আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। একাধিকবার সে গ্রেফতার হলেও জামিনে বের হয়ে ফের অপরাধে জড়িয়ে পড়ত। সর্বশেষ কর্ণফুলী থানার মামলা নং-০১, তারিখ-০১/০৫/২০২৫, ধারা-৩৯২ (ডাকাতি) পেনাল কোডে তার বিরুদ্ধে মামলা হয়, যার ভিত্তিতে আদালতে সোপর্দ করা হয়েছে।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, “জসিম একাধিক মামলার পলাতক আসামি ও এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী। তাকে গ্রেপ্তারের মাধ্যমে আমরা একটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয়েছি। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”



