
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (তারিখ) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় এ ঘটনা ঘটে। নিহত সাংবাদিক তরিকুল শিবলী (৪০) চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার ছিলেন।
সহকর্মীদের বরাতে জানা যায়, দুপুরে কার্জন হলের ভেতরে সরাসরি সম্প্রচার (লাইভ) চলাকালে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন শিবলী। দ্রুত তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে।
নিহতের সহকর্মী সোহেল রানা জানান, “লাইভ চলাকালেই হঠাৎ ভাই পড়ে যান। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ডাক্তাররা জানান, আর কিছু করার নেই।” নিহত শিবলীর গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং থানার এতবারপুর গ্রামে। তিনি উত্তরার দিয়াবাড়ীতে পরিবার নিয়ে বসবাস করতেন। দুই কন্যা সন্তানের জনক ছিলেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, “মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। চিকিৎসকদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।” এ ঘটনায় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী থেকে শুরু করে বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।



