
চট্টগ্রামের কর্ণফুলীতে অবৈধভাবে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শিকলবাহা চৌধুরী মসজিদ রোড এবং শিকলবাহা কলেজ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন।
অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই আইসক্রিম ও বেকারি পণ্য উৎপাদন, বিক্রয়, মোড়কজাতকরণ ও বিতরণের প্রমাণ মেলে। এর মধ্যে নিউ পুলার আইসক্রিম ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা এবং আধুনিক ব্রেড অ্যান্ড বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলোকে বিএসটিআইয়ের সনদ গ্রহণ, যথাযথ মানদণ্ড অনুসরণ এবং কারখানা আধুনিকায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার জেরিন তাসনিম ও পরীক্ষক প্রিময় মজকুরী জয় উপস্থিত ছিলেন। এছাড়া কর্ণফুলী থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন বলেন, “জনস্বাস্থ্যের ঝুঁকি রোধে অনুমোদনবিহীন খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”



