
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে একই প্যানেলের এস এম ফরহাদ জয় লাভ করেছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
ভিপি নির্বাচিত সাদিক কায়েম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং জিএস নির্বাচিত ফরহাদ সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এই নির্বাচনে শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের হিসাবে এবারের নির্বাচনে গড়ে প্রায় ৭৮ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে বিজয় একাত্তর হলে ৮৩ শতাংশ, মুহসীন হলে ৮৩ দশমিক ৫ শতাংশ, সার্জেন্ট জহুরুল হক হলে ৮৪ দশমিক ৪৬ শতাংশ, সূর্যসেন হলে ৮৭ দশমিক ৮৫ শতাংশ এবং শেখ মুজিব হলে ৮৬ দশমিক ৫৭ শতাংশ ভোট পড়েছে।
ডাকসু নির্বাচনে এবার ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পাশাপাশি ১৮টি হল সংসদের মোট ২৩৪টি পদের বিপরীতে অংশ নেন এক হাজার ৩৫ জন প্রার্থী। ভোটারদের ৮১০টি বুথে গিয়ে ৪১টি ভোট দিতে হয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এটি মাত্র অষ্টম ডাকসু নির্বাচন, এর আগে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৯ সালে।
এদিকে, নির্বাচনের কারণে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।



