
বরিশালের মুলাদীতে পারিবারিক দ্বন্দ্বের জেরে ভয়াবহ এক ঘটনার জন্ম দিয়েছে তিন ভাইয়ের মধ্যে বিরোধ। গচ্ছিত রাখা টাকা ও স্বর্ণালংকার ফেরত চাইতে গিয়ে রিপন বেপারী (৩৬) নামের এক ভাইয়ের দুই চোখ উপড়ে নিয়েছে তার দুই ভাই। মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।
ভুক্তভোগী রিপন বেপারী ওই এলাকার আশেদ ব্যাপারীর সেজো ছেলে। অভিযুক্ত রোকন ব্যাপারী ও স্বপন ব্যাপারী তার মেজো ও ছোট ভাই। রিপনের ছেলে আব্দুর রহমান জানান, তার বাবা চাচা রোকনের কাছে গচ্ছিত রাখা প্রায় ৩৫ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার ফেরত চাইলে বিরোধ শুরু হয়। এর জেরে দুই ভাই মিলে নির্মমভাবে তার বাবার দুই চোখ উপড়ে ফেলে।
ঘটনার সময় উপস্থিত স্থানীয়রা জানান, রিপন ঢাকা থেকে বাড়িতে ফেরার পর রাতেই ভাইদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের বাবা আশেদ ব্যাপারী ক্ষিপ্ত হয়ে রিপনকে মারধরের নির্দেশ দেন। বাবার সামনেই রোকন ও স্বপন মিলে রিপনকে বেধড়ক পিটিয়ে দুই চোখ সমূলে উপড়ে বাবার হাতে তুলে দেয়। রিপনের আর্তচিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গৌরনদীর আশুকাঠি হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা জাতীয় চক্ষু ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে মুলাদী থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে দুই ভাই মিলে রিপন বেপারীর চোখ উপড়ে নিয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



