
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করার অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে কলেজবাজার এলাকায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন। অভিযানে মূলত দোকানে দৈনিক হালনাগাদ মূল্য তালিকা না রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং বিদেশি পণ্যে আমদানিকারকের সিল বা মূল্য স্টিকার না থাকার কারণে দুইটি মুদির দোকানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন বলেন, “ভোক্তাদের অধিকার সুরক্ষায় আমরা নিয়মিত বাজার তদারকি করছি। কোনোভাবেই মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা গোপন বা আমদানিকারকের সিল ছাড়া বিদেশি পণ্য বিক্রি করা যাবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে কর্ণফুলী থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করে। এছাড়া, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে উপজেলা মৎস্য অফিসের সহায়তায় বিভিন্ন বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ভোক্তাদের সুরক্ষা ও বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।



