বুধবার, জুলাই ২৯, ২০২৬

― Advertisement ―

spot_img

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হয়েছে, কর্ণফুলীতে প্রবল স্রোত

চট্টগ্রামের রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট। শনিবার (১৮ জুলাই) সকাল থেকে জলকপাট খুলে দেওয়ার পর...

মা, স্ত্রী, সন্তান — এক রাতেই সব’ই হারালেন কর্ণফুলীর যুবক!

চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের ফাজিল খাঁর হাট আলী আহম্মদ চেয়ারম্যানের পুরাতন পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। মাত্র এক রাতেই মা, স্ত্রী ও সন্তানকে হারিয়ে নির্বাক হয়ে গেছেন নোমানুর রশিদ। পরিবারের এই হৃদয়বিদারক পরিণতিতে স্তব্ধ এলাকাবাসী। মাত্র ১৩ দিন আগে শ্বশুর মাস্টার শফির মৃত্যুতে শোকে ভেঙে পড়েছিল নোমানের পরিবার। সেই শোক এখনো কাটিয়ে উঠতে না উঠতেই রবিবার দিবাগত রাতে মারা যান নোমানের মা ফাতেমা বেগম (৬৫)। মায়ের মৃত্যুর খবর শুনে সোমবার ভোরে কক্সবাজারের রামু থেকে রওনা দেন নোমানের স্ত্রী আইরিন আক্তার (২২) ও সাত মাসের সন্তান আরহাম বিন নোমান। কিন্তু বাড়ি ফেরার সেই যাত্রা আর শেষ হয়নি। কক্সবাজারের চকরিয়ায় পাথরবোঝাই ডাম্প ট্রাকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান মা ও শিশু।

এক রাতেই মা, স্ত্রী ও সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন নোমানুর রশিদ। পরিবারের এই মর্মান্তিক ক্ষতিতে বারবার জ্ঞান হারাচ্ছেন তিনি। স্বজন ও প্রতিবেশীরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও কোনো কিছুতেই শান্তি পাচ্ছেন না তিনি। পুরো এলাকায় নেমে এসেছে শোকের মাতম। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আইরিনের ভাই মো. আদিল (১৯)। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বড়উঠান ইউনিয়নের যুবদল নেতা এস এম খোরশেদুল ইসলাম বলেন, “এই পরিবারের ওপর দিয়ে যে ঝড় বয়ে গেল, তা মেনে নেওয়া সত্যিই কঠিন। আল্লাহ যেন মৃতদের বেহেশত নসিব করেন এবং আহত আদিলকে দ্রুত সুস্থ করে তোলেন। নোমান যেন এই শোক সহ্য করার শক্তি পান।” নিহত আইরিনের চাচা মো. রফিকও শোকে বাকরুদ্ধ। তিনি বলেন, “এক রাতেই সব শেষ হয়ে গেল। আমার আদরের নাতি আর মেয়ে চোখের পলকে চলে গেল। আদিলও মৃত্যুর সাথে লড়ছে হাসপাতালে।” পুরো এলাকাজুড়ে এখন শুধুই কান্নার রোল। নোমানুর রশিদের বাড়ি পরিণত হয়েছে শোকের বাড়িতে। এলাকাবাসী এই পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না।