
দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা ৪০ দিনের ছুটিতে যাচ্ছে। পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং বেশ কয়েকটি সরকারি ছুটি মিলিয়ে এই দীর্ঘ বিরতির ঘোষণা এসেছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ২ মার্চ ২০২৫ থেকে এই ছুটি শুরু হয়ে চলবে ৮ এপ্রিল পর্যন্ত। ফলে দেশের সব স্তরের স্কুল, কলেজ এবং মাদ্রাসাগুলো প্রায় দেড় মাসের জন্য বন্ধ থাকবে।
শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে জানা গেছে, এই ছুটির মধ্যে রয়েছে পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবেকদর এবং ঈদুল ফিতরের ছুটি। ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সর্বশেষ ক্লাস হবে ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। এরপর ২ মার্চ থেকে শুরু হবে আনুষ্ঠানিক ছুটি, যা শেষ হবে ৮ এপ্রিল।
এদিকে আগামী ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্ধারিত হওয়ায় সেগুলো আরও দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকবে। এসএসসি পরীক্ষার কেন্দ্র হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা দুই মাস ১০ দিনের জন্য বন্ধ থাকবে, যা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে দীর্ঘ বিরতির সৃষ্টি করবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক মো. ইউনুছ ফারুকী জানিয়েছেন, সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী এই ছুটি নির্ধারণ করা হয়েছে। এই ছুটি সরকারি ও বেসরকারি সব পর্যায়ের স্কুলের জন্য প্রযোজ্য।
এ ধরনের দীর্ঘ ছুটি শিক্ষার্থীদের পাঠে মনোযোগ এবং শিক্ষার ধারাবাহিকতায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষাবিদরা। তারা মনে করেন, এই সময় শিক্ষার্থীদের পড়াশোনার পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।



