
রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ময়ূরপঙ্খী বিজনেস, এন্টারপ্রেনার, কালচার ও লিডারশিপ সামিট–২০২৬’। ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের শিল্প, ব্যবসা, সংস্কৃতি ও নেতৃত্বের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজন ও সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান ও উদ্যোক্তা হিসেবে বিশেষ ভূমিকা রাখায় ইছামতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. আরফাত ছিদ্দীকীকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। অতিথিবৃন্দের হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। তরুণ উদ্যোক্তা হিসেবে তার নেতৃত্বে ইছামতি গ্রুপ দেশের শিল্পখাতে ইতিবাচক পরিবর্তন, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনমুখী বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলে আয়োজকরা জানান।
সম্মাননা প্রাপ্তি বিষয়ে প্রতিক্রিয়ায় মো. আরফাত ছিদ্দীকী বলেন, যেকোনো স্বীকৃতি কাজের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে দেয়। তিনি বলেন, ইছামতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ দেশের শিল্প খাতে দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সম্মাননা তার একক অর্জন নয়, বরং পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উদ্যোক্তা, সংস্কৃতি ও নেতৃত্বের সমন্বয়ের মাধ্যমেই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তা ও সাহসী উদ্যোগ দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সামিটে দেশের বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ আয়োজন সফল করতে ইউএস-বাংলা এয়ারলাইন্সসহ দেশের নামী-দামী একাধিক প্রতিষ্ঠান সহযোগী হিসেবে যুক্ত ছিল। পুরো আয়োজনটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে বলে আয়োজকরা জানান।



