সোমবার, এপ্রিল ২০, ২০২৬

― Advertisement ―

spot_img

শিশুদের সুরক্ষায় কর্ণফুলীতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে শুরু হয়েছে হাম ও রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টায় চরলক্ষ্যা এলাকার স্টুডেন্ট...

শিশুদের সুরক্ষায় কর্ণফুলীতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে শুরু হয়েছে হাম ও রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টায় চরলক্ষ্যা এলাকার স্টুডেন্ট কেয়ার মডেল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তিন সপ্তাহব্যাপী এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। শুরু থেকেই কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব চন্দ্র রুদ্র। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানা রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. তাসিন মোস্তফা, মেডিকেল অফিসার (মাতৃ ও শিশু স্বাস্থ্য) ডা. সোমা চৌধুরীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। সময়মতো টিকা না নিলে এসব রোগ থেকে জটিলতা এমনকি মৃত্যুঝুঁকিও তৈরি হতে পারে। তাই এই টিকাদান কর্মসূচির মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এক ডোজ এমআর (Measles-Rubella) টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি যারা আগে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় টিকা গ্রহণ করেছে, তাদেরও এই ক্যাম্পেইনে অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে, যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও জোরদার হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব চন্দ্র রুদ্র বলেন, “শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে টিকাদানের বিকল্প নেই। প্রতিটি অভিভাবকের উচিত নির্ধারিত সময়ে তাদের সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে আসা। এই কর্মসূচি সফল করতে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।”

সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা বলেন, “আমাদের লক্ষ্য কর্ণফুলীর প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা। মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। অভিভাবকদের সচেতন অংশগ্রহণ ছাড়া এই কর্মসূচি সফল হবে না।”

অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন স্টুডেন্ট কেয়ার মডেল স্কুলের প্রধান শিক্ষক ও কর্ণফুলী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ নুর। তিনি জানান, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যত প্রজন্মকে রোগমুক্ত রাখতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই টিকাদান কর্মসূচি আগামী তিন সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন কেন্দ্রে পরিচালিত হবে। নির্ধারিত তারিখ অনুযায়ী অভিভাবকদের নিকটবর্তী টিকাদান কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

স্থানীয়দের মতে, এই উদ্যোগ শুধু শিশুদের রোগমুক্ত রাখতেই নয়, বরং একটি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা আশা করছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় কর্ণফুলী উপজেলা হাম ও রুবেলামুক্ত অঞ্চলে পরিণত হবে।