
১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্ণফুলী উপজেলা শাখার উদ্যোগে মইজ্জ্যারটেক চত্বরে এক বিশাল সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়। “বৈষম্য চাই না”—এই আহ্বানকে সামনে রেখে অনুষ্ঠানে উপস্থিত নেতারা শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের কর্ণফুলী উপজেলা সভাপতি আবুল মনসুর এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মহাইমিনুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাস্টার মুনির আবছার চৌধুরী। তিনি বলেন, “দীর্ঘদিন স্বৈরতন্ত্রের শাসনে শ্রমজীবী মানুষদের কণ্ঠরোধ করা হয়েছিল। ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা বাকস্বাধীনতা ফিরে পেয়েছি। এখন সময় এসেছে সকল ধরনের বৈষম্য দূর করে শ্রমজীবীদের প্রকৃত অধিকার নিশ্চিত করার।”
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রচার সম্পাদক মাস্টার এনামুল হক। তিনি বলেন, “শ্রমজীবী মানুষ দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের প্রধান চালিকাশক্তি, অথচ তারা সবচেয়ে বেশি অবহেলিত। মাতৃত্বকালীন ছুটি, অসুস্থতা ছুটি, স্বাস্থ্যসেবা—সবক্ষেত্রে তারা বঞ্চিত। কিছু সুবিধাভোগী শ্রেণি শ্রমিকদের ব্যবহার করছে ক্ষমতার সিঁড়ি হিসেবে, এটা বন্ধ করতে হবে।”
বক্তারা মালিক-শ্রমিক দ্বন্দ্ব নিরসন, ন্যায্য মজুরি, ছুটির অধিকার, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ শ্রমিকবান্ধব পরিবেশ গড়ার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি র্যালি বের করা হয়, যা মইজ্জ্যারটেক এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।



