
আন্তর্জাতিক মহান মে দিবস ২০২৫ উপলক্ষে কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত হলো একটি বর্ণাঢ্য সমাবেশ ও আলোচনা সভা। বৃহস্পতিবার (১ মে) কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক নির্মাণ শ্রমিক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং রাজনৈতিক নির্যাতন বন্ধের দাবিতে নেতৃবৃন্দ জোরালো বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর আমির জনাব মনির আবছার চৌধুরী। তিনি বলেন, “শ্রমিকদের ঘামে আজকের বাংলাদেশ গড়ে উঠেছে, অথচ তারা আজও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।” বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. গিয়াস উদ্দিন ফয়সাল ফারুকী বলেন, “বর্তমান সরকার শ্রমজীবী মানুষের কণ্ঠরোধ করছে, বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছে সাধারণ মানুষ।”
সভায় সভাপতিত্ব করেন কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির আহমেদ বাহাদুর (কন্ট্রাক্টর) এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবদুল গফুর। আরও বক্তব্য রাখেন চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুহাম্মদ সেলিম খান, ইউনিয়ন জামায়াত সভাপতি মোহাম্মদ মুছা মেম্বার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল মনছুর, দুরন্ত দুর্বার সংগঠনের সভাপতি রমজান আলী রুমু, লেবার পার্টির সভাপতি ডা. মোহা. জুনু মিয়া ও প্রত্যাশার সভাপতি মোহাম্মদ ফরিদ।
বক্তারা শ্রমিকদের সম্মানজনক জীবনযাপন, সর্বজনীন স্বাস্থ্যসেবা, মাতৃত্বকালীন ছুটি ও দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা এলাকায় শ্রমিক সংহতির এক বিরল উদাহরণ হয়ে উঠেছিল।



