বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

― Advertisement ―

spot_img

বৃষ্টিভেজা বিকেলে বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন

‎চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই জার্সি উন্মোচন, প্রীতি ফুটবল ম্যাচ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছে সালেহ নূর স্পোর্টস ক্লাব। বৈরী...

গণতন্ত্রের লড়াইয়ে সাহসী কণ্ঠ, নোবেল শান্তি পুরস্কারে মারিয়া মাচাদো

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে স্থানীয় সময় বিকেল ৩টায় নরওয়েজিয়ান নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে। ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার নিরলস প্রচেষ্টা এবং একনায়কতন্ত্র থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের সংগ্রামের জন্য তিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন।

কমিটির ঘোষণায় বলা হয়, মারিয়া মাচাদো সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকায় নাগরিক সাহস, দৃঢ়তা ও গণতন্ত্রের প্রতি অনড় অবস্থানের এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছেন। তিনি ভেনেজুয়েলার দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংকট ও দমননীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করে বিশ্ববাসীর দৃষ্টি কেড়েছেন।

১৯৬৭ সালে জন্মগ্রহণ করেন মারিয়া কোরিনা মাচাদো। ইঞ্জিনিয়ারিং ও ফাইন্যান্সে পড়াশোনা শেষে তিনি সামাজিক কল্যাণমূলক কাজের মাধ্যমে জনসেবায় সম্পৃক্ত হন। ১৯৯২ সালে তিনি প্রতিষ্ঠা করেন অ্যাথেনিয়া ফাউন্ডেশন, যা কারাকাসের পথশিশুদের কল্যাণে কাজ করে। ২০১০ সালে তিনি ভেনেজুয়েলার জাতীয় পরিষদে নির্বাচিত হন এবং সর্বাধিক ভোটে জয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেন। কিন্তু ২০১৪ সালে স্বৈরশাসক সরকারের বিরোধিতা করায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়।

এরপরও দমে না গিয়ে তিনি বিরোধী দল ভেন্টে ভেনেজুয়েলা গঠন করেন এবং পরবর্তীতে সোই ভেনেজুয়েলা জোট প্রতিষ্ঠা করেন, যা দেশের সকল গণতন্ত্রপন্থী শক্তিকে একত্রিত করে স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে নেতৃত্ব দেয়। ২০২৩ সালে তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন, কিন্তু কর্তৃপক্ষ তার প্রার্থিতা বাতিল করে দেয়। তারপরও তিনি জনগণের পক্ষে দাঁড়িয়ে গণতন্ত্রের আহ্বান অব্যাহত রাখেন।

নরওয়েজিয়ান নোবেল কমিটি জানায়, মারিয়া মাচাদোর সাহসিকতা শুধু তার দেশ নয়, বিশ্বকে মনে করিয়ে দিয়েছে যে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, ভোটাধিকার ও জনগণের প্রতিনিধিত্বই শান্তির মূল ভিত্তি। তার এই অর্জন বিশ্বের সকল গণতন্ত্রকামী মানুষের জন্য এক অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে।