বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

― Advertisement ―

spot_img

বৃষ্টিভেজা বিকেলে বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন

‎চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই জার্সি উন্মোচন, প্রীতি ফুটবল ম্যাচ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছে সালেহ নূর স্পোর্টস ক্লাব। বৈরী...

গভীর রাতে বিয়ে বাড়িতে ডাকাতি, কর্ণফুলীতে পুলিশের ভূমিকায় প্রশ্ন

চট্টগ্রামের কর্ণফুলীতে গভীর রাতে বিয়ে বাড়িতে ডিবি পুলিশের পরিচয়ে সংঘটিত ভয়াবহ এক ডাকাতির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বহীন আচরণ নিয়ে উঠেছে তীব্র প্রশ্ন। রবিবার (১২ অক্টোবর) রাত দেড়টার দিকে কর্ণফুলী থানার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর গ্রামে মোহাম্মদ মিয়ার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ারার জয়কালী বাজারের তাহিন কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে নববধূ ও বরযাত্রীরা রাত দেড়টার দিকে বাড়িতে ফেরেন। কিছুক্ষণের মধ্যেই একটি সাদা মাইক্রোবাসে আসা ৮-১০ জন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা তল্লাশির নামে ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এরপর আলমারি ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ টাকা লুট করে নেয়। ঘটনাস্থল থেকে পরে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্য নববর মো. আরিফুল ইসলাম, যিনি ইসলামী ব্যাংক পিএলসিতে কর্মরত, জানান—“আমরা বিয়ে শেষে ঘরে ফিরতেই একদল লোক ডিবি পুলিশের পোশাকে এসে তল্লাশি চালানোর কথা বলে ঘরে ঢোকে। তারা অস্ত্র তাক করে সবাইকে এক জায়গায় জড়ো করে রাখে। আমার স্ত্রীর গলার হার, কানের দুলসহ প্রায় ১০ ভরি স্বর্ণ নিয়ে যায়। নগদ টাকাও লুট করে।”

আরিফুলের বড় ভাই মো. আলমগীর, যিনি কাতার প্রবাসী, ক্ষোভ প্রকাশ করে বলেন, “ডাকাতির সময়ই আমরা পুলিশ টহল গাড়িকে ডেকে সাহায্য চাই। কিন্তু দায়িত্বে থাকা এএসআই হেলাল প্রথমে উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশ ছাড়া কিছু করতে অপারগতা জানান। পরে নির্দেশ এলে তিনি ঘটনাস্থলে এলেও তেমন কোনো পদক্ষেপ নেননি। ডাকাতদের ধাওয়া দিলে পুলিশ শুধু দাঁড়িয়ে দেখেছে।”

ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলের মাত্র ৫০০ মিটার দূরেই অবস্থান করছিল বলে এলাকাবাসী দাবি করেছে। স্থানীয়দের অভিযোগ—ডাকাত দলের উপস্থিতি ও চিৎকার শুনেও পুলিশ প্রথমে কোনো তৎপরতা দেখায়নি, বরং ডাকাতরা পালিয়ে যাওয়ার পর অভিযান শুরু করে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।

পরের দিন রবিবার দুপুরে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ ও কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জামাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শনে যান। স্থানীয়রা অভিযোগ করেন, ঘটনাস্থলে গিয়ে ওসি জুনিয়র কর্মকর্তাদের বকাঝকা করে দায় এড়ানোর চেষ্টা করেন এবং সংবাদকর্মীদের উপস্থিতি দেখে ভুক্তভোগী পরিবারের প্রতি বিরক্তি প্রকাশ করেন।

ডাকাতির বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জামাল উদ্দিন চৌধুরী বলেন, “ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া দেশীয় তৈরি এলজি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।”

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ—ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে এই ধরনের ডাকাতি এখন নতুন কৌশল হয়ে উঠেছে। তারা প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, পুলিশের নিষ্ক্রিয়তা ও ধীর প্রতিক্রিয়া জনআস্থা সংকটকে আরও গভীর করছে। এমন সংবেদনশীল ঘটনায় সময়মতো পদক্ষেপ না নেওয়া প্রশাসনের পেশাগত দায় এড়ানো সম্ভব নয়।