
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার দিন নির্ধারণ হয়েছে আগামী ১৩ নভেম্বর। এদিনকে কেন্দ্র করে ঢাকাসহ সারাদেশে বাড়ছে উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগ। ইতোমধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এই ঘোষণাকে কেন্দ্র করে গত তিন দিন ধরে রাজধানীজুড়ে ককটেল বিস্ফোরণ, পেট্রোলবোমা হামলা ও যানবাহনে অগ্নিসংযোগের মতো সহিংসতা ঘটছে।
এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কর্ণফুলী থানার আওতাধীন এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাত থেকেই মইজ্জ্যারটেক চত্বর, শিকলবাহা, বোয়ালখালী সংযোগ সড়ক ও কর্ণফুলী এক্সপ্রেসওয়েসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। প্রতিটি প্রবেশমুখে স্থাপন করা হয়েছে পুলিশের চেকপোস্ট, যেখানে যানবাহন ও পথচারীদের তল্লাশি চালানো হচ্ছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, “১৩ নভেম্বরের রায় ঘিরে সম্ভাব্য যেকোনো নাশকতা বা সহিংসতা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। থানা এলাকার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করা হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতাও চলছে।”
তিনি আরও জানান, ভোর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। বিশেষ করে কর্ণফুলী সেতু, নদী পারাপার ঘাট, শিল্প এলাকা ও কলেজ বাজার সংলগ্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সম্ভাব্য নাশকতার তথ্য পেলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হবে।
এদিকে স্থানীয়দের মধ্যে রায় ঘোষণার দিনকে ঘিরে আতঙ্ক বিরাজ করছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, ঢাকা থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী নগরজুড়ে নিরাপত্তা জোন ভাগ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যেকোনো প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।



