
চট্টগ্রাম কর্ণফুলী চরপাথরঘাটা এলাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোমবাতি প্রতীকের সুন্নীজোট প্রার্থী আলহাজ্ব এস এম শাহজাহান ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। রবিবার (২৫ জানুয়ারি) তিনি চরপাথরঘাটার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ, ব্যবসায়ী, শ্রমজীবী ও ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি দেন।
গণসংযোগকালে তিনি জানান, নির্বাচিত হলে চরপাথরঘাটায় চাঁদাবাজি, সন্ত্রাস এবং কিশোর গ্যাংকে একেবারেই বরদাস্ত করা হবে না। ব্যবসায়ীরা যাতে নিরাপদে তাদের ব্যবসা পরিচালনা করতে পারেন, তা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রশাসনকে সহযোগিতা করে একটি অপরাধমুক্ত এবং শান্তিপূর্ণ চরপাথরঘাটা গড়ে তোলা হবে।
এস এম শাহজাহান সামাজিক ও রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করার প্রতিশ্রুও দিয়েছেন। তিনি বলেন, সকল মতের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা বাড়াতে কাজ করবেন এবং ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখা হবে। এছাড়া, নারী ও যুব সমাজের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের ব্যবস্থা করার বিষয়েও তিনি গুরুত্ব দিয়েছেন।
গণসংযোগকালে সুন্নীজোটের নেতা-কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “শান্তি ও উন্নয়নের প্রতীক মোমবাতিতে ভোট দিয়ে আমাদের কাজ করার সুযোগ দিন।” স্থানীয়রা বলেন, এ ধরনের সরাসরি সংলাপ ও প্রতিশ্রুতি ভোটারদের মধ্যে আস্থা ও উৎসাহ সৃষ্টি করেছে।
এস এম শাহজাহানের এই প্রচারণা ও গণসংযোগে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। এতে বোঝা যাচ্ছে, মোমবাতি প্রতীকের প্রতিশ্রুতির কেন্দ্রবিন্দু হয়েছে নিরাপত্তা, সামাজিক শান্তি এবং উন্নয়ন, যা নির্বাচনের আগে ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম।
প্রচারণা ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্টের বিভাগীয় সাংগঠনিক সচিব মাওলানা এম এ মাবুদ, নির্বাচন পরিচালনা কমিটির নির্বাহী সমন্বয়ক লিয়াকত আলী, সদস্য হাবিবুল মোস্তফা সিদ্দিকী, মাও. রফিকুল ইসলাম আনোয়ারী, বশির আহমদ চৌং, দিদারুল আলম, জসিম উদ্দিন, হাফেজ মহিউদ্দিন, দেলোয়ার হোসেন মুন্না, সাজ্জাদ রেজা প্রমুখ।



