রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

― Advertisement ―

spot_img

র‌্যাব আর থাকছে না, এসআইএফ নামে নতুন যাত্রা

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সংস্থাটির নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)। প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে শিগগিরই এ বিষয়ে...

আজ সৌভাগ্যের রজনী শবে বরাত

র‌্যাব আর থাকছে না, এসআইএফ নামে নতুন যাত্রা

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সংস্থাটির নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)। প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে শিগগিরই এ বিষয়ে সরকারি আদেশ (জিও) জারি করা হবে এবং আদেশ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে নতুন নাম ও কাঠামোয় বাহিনীর কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, র‌্যাবের নাম পরিবর্তনের বিষয়ে ইতোমধ্যে প্রধান উপদেষ্টার অনুমোদন পাওয়া গেছে এবং খুব দ্রুত আনুষ্ঠানিক আদেশ জারি হবে।

নামের পাশাপাশি বাহিনীর পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এসআইএফ সদস্যদের জন্য নতুন পোশাক নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা শিগগিরই দৃশ্যমান হবে। এই পরিবর্তনের মাধ্যমে বাহিনীকে নতুন পরিচয়ে, নতুন কর্মপদ্ধতিতে জনগণের সামনে উপস্থাপন করার লক্ষ্য রয়েছে সরকারের।

উল্লেখ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জঙ্গিবাদের উত্থানের প্রেক্ষাপটে ২০০৪ সালের ২৬ মার্চ তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে র‌্যাব গঠিত হয়। পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি এবং কোস্ট গার্ডের সদস্যদের সমন্বয়ে বিশেষ এই বাহিনী প্রতিষ্ঠা করা হয়।

পরবর্তীতে ‘ক্রসফায়ার’ ও ‘বন্দুকযুদ্ধ’ নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে র‌্যাব দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। বিএনপি সরকারের পর আওয়ামী লীগ আমলেও এসব অভিযোগের ধারাবাহিকতা দেখা যায়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচসহ বিভিন্ন সংগঠন একাধিকবার র‌্যাব বিলুপ্ত করার আহ্বান জানালেও তৎকালীন সরকারগুলো তাতে সাড়া দেয়নি।

এমনকি র‌্যাব গঠনের সময় ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে এই বাহিনী বিলুপ্তির দাবি জানিয়েছিলেন। সামগ্রিক প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের এই নাম পরিবর্তনের সিদ্ধান্তকে আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।

সরকারি আদেশ জারির পর এসআইএফ-এর কাঠামো, দায়িত্ব ও কার্যপরিধি সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।