
ভারতের সঙ্গে বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লির কাছে পাঠিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার বিকেলে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই তিনি পালিয়ে ভারতে আশ্রয় নেন। অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গত জুলাই মাসে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার করতে চায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় নথিপত্র দিল্লিতে পাঠানো হয়েছে। তিনি বলেন, “এই ইস্যুতে বাংলাদেশ রাজনৈতিক ও কূটনৈতিকভাবে অপেক্ষা করবে।” পাশাপাশি ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের অন্যান্য নেতাদের ফেরানোর বিষয়ে আন্তর্জাতিক নিয়ম মেনে পদক্ষেপ নেওয়া হবে কি না, তা সরকারের উচ্চপর্যায়ের আলোচনার বিষয় বলে উল্লেখ করেন তিনি।
এদিকে, জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের সাম্প্রতিক প্রতিবেদনের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ। মুখপাত্র রফিকুল আলম বলেন, “প্রতিবেদনটি যে কোনো মানুষের বিবেককে নাড়া দেবে।” তিনি আশা প্রকাশ করেন যে, প্রতিবেশী ভারতও বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা করবে।



