বুধবার, জুন ৩, ২০২৬

― Advertisement ―

spot_img

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে মার্কিন অভিযান, বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোরুক ও কেশম দ্বীপে বিমান হামলা চালিয়েছে...

দুই শিশুকে বিষপান করিয়ে হত্যার পর পিতার আত্মহত্যা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে দুই শিশু কন্যাকে বিষপান করিয়ে হত্যার পর এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার রাণীগাঁও ইউনিয়নের আতিকপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আতিকপুর গ্রামের আব্দুর রউফ (৩৫) এবং তার দুই মেয়ে খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রউফ ও তার স্ত্রী হাফিজা আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এছাড়াও তিনি ঋণগ্রস্ত ছিলেন। বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে স্ত্রী কোলের সন্তানকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যান। এরপর রউফ তার দুই মেয়ে খাদিজা ও আয়েশাকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন।

প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় রউফকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হলে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তিনিও মারা যান।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত আব্দুর রউফের ছোট ভাই সোহাগ মিয়া জানান, তার ভাই ও ভাবির মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি লেগেই থাকত। বৃহস্পতিবার রাতে চিৎকার শুনে গিয়ে দেখেন, তার দুই ভাতিজি ও ভাই পড়ে রয়েছে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার সাফায়াতুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত ১টার দিকে আব্দুর রউফকে হাসপাতালে আনা হয়, তখন তিনি বেঁচে ছিলেন। তার দুই শিশু সন্তানকে এর আগে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। রউফ চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে মারা যান।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।