
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক চালু করেছে শাখা ছাত্র অধিকার পরিষদ। ভর্তিচ্ছুদের ভোগান্তি কমাতে তারা ফ্রি পানি বিতরণ ও জরুরি সেবার জন্য মেডিকেল বুথ স্থাপন করেছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে সংগঠনটির নেতাকর্মীরা এ উদ্যোগ নেন।
ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা জানান, ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এ ভোগান্তি কমাতেই তারা হেল্প ডেস্কের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দিচ্ছেন।
সংগঠনের আহ্বায়ক তামজিদ উদ্দিন বলেন, “ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় আমরা হেল্প ডেস্ক পরিচালনা করছি। ফ্রি পানি বিতরণ, তথ্য সহায়তা ও মেডিকেল বুথ স্থাপন করেছি। সামনের পরীক্ষাগুলোতেও আমাদের সেবা অব্যাহত থাকবে।”
সদস্য সচিব রোমান রহমান বলেন, “বাড়তি বাস ভাড়া ও খাবারের অতিরিক্ত দাম আদায়ের বিষয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। আজ কিছু বাসচালক ও হেলপার বাড়তি ভাড়া নেওয়ায় তাদের প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করে যাব।”
এসময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সায়েদ, হাছান, হানিফ, যুগ্ম সদস্য সচিব হাবিব, মুজাহিদ, সবুজ, কাজী বেলাল, মারুফ এবং সদস্য সাবিত।
ছাত্র অধিকার পরিষদের নেতারা জানিয়েছেন, ভর্তি পরীক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে তারা পাশে থাকবেন এবং সহায়তা অব্যাহত রাখবেন।



