
জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবার সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়। দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্রতিকূল আবহাওয়ার মধ্যেও র্যালি ও গাছের চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
মুষলধারে বৃষ্টির কারণে পূর্বনির্ধারিত কর্মসূচিতে কিছু পরিবর্তন আনতে হলেও আয়োজকরা উপজেলা প্রাঙ্গণেই র্যালি ও বৃক্ষের চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায় সমিতির প্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিদুয়ানুল ইসলাম। স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইসহাক।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিদুয়ানুল ইসলাম বলেন, পল্লী উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এর মূল লক্ষ্য। তিনি নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে উপস্থিত জনগণের উদ্দেশে বলেন, “উপজেলার কোন দপ্তর কী ধরনের সেবা দেয়, তা জানতে উপজেলা কার্যালয়ে আসুন। নিজেরাই দেখুন, আমরা আপনাদের সেবা করতে এসেছি, নাকি শুধু পদ-পদবি উপভোগ করতে এসেছি।”
তিনি আরও বলেন, জনগণের সঙ্গে প্রশাসনের দূরত্ব কমাতে এবং সেবার মান উন্নত করতে উপজেলা প্রশাসন সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। যেকোনো সরকারি সেবা গ্রহণে ভোগান্তি বা সমস্যার মুখোমুখি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাকিবুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আলিম এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহান উদ্দিন। বক্তারা গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, আত্মকর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও মৎস্য খাতের আধুনিকায়ন এবং পরিবেশ সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সমবায় সমিতির প্রতিনিধি, স্থানীয় সমাজসেবী ও সংবাদকর্মীরাও বক্তব্য রাখেন। তারা পল্লী উন্নয়ন কার্যক্রমে সরকারি-বেসরকারি সমন্বয়, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
আয়োজকরা জানান, কর্ণফুলী উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে উদযাপিত হয়েছে। দিবসটির মাধ্যমে গ্রামীণ উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং সরকারি সেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। স্থানীয়রা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও এমন জনসম্পৃক্ত কর্মসূচি নিয়মিত আয়োজনের দাবি জানান।



