
কর্ণফুলীর আকাশে আবারও জমতে শুরু করেছে উৎসবের আমেজ। মাঠজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, স্টল নির্মাণের ব্যস্ততা আর উদ্যোক্তাদের চোখে নতুন স্বপ্ন। আর মাত্র কয়েকদিন পরই চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেকে বসছে “দেশীয় পণ্যের বাণিজ্য মেলা-২০২৬”, যেখানে দেশজ শিল্প, ঐতিহ্য আর ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বপ্ন এক সুতোয় গাঁথা হবে।
আগামী ১৬ আগস্ট বিকেল ৪টায় কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক সিডিএ আবাসিক এলাকা সংলগ্ন এস আলম মাঠে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে এই বহুল প্রতীক্ষিত মেলার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।
আয়োজকদের ভাষ্য, এটি নিছক একটি বাণিজ্য মেলা নয়; বরং দেশীয় উৎপাদন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সম্ভাবনা এবং স্থানীয় অর্থনীতিকে এগিয়ে নেওয়ার একটি কার্যকর উদ্যোগ। মেলায় থাকবে দেশীয় পোশাক, হস্তশিল্প, গৃহস্থালি সামগ্রী, খাদ্যপণ্য, কুটির শিল্পের নানামুখী পণ্যসহ স্থানীয় উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন সামগ্রী প্রদর্শন ও বিক্রির সুযোগ। এতে একদিকে যেমন উদ্যোক্তারা সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছাতে পারবেন, তেমনি সাধারণ মানুষও মানসম্মত দেশীয় পণ্য এক ছাদের নিচে দেখা ও কেনার সুযোগ পাবেন।
মেলা কমিটির সদস্য মো. মাঈন উদ্দিন জানান, মেলার প্রতিটি বিষয় পরিকল্পিতভাবে সাজানো হচ্ছে, যাতে দর্শনার্থীরা নিরাপদ, পরিচ্ছন্ন ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে মেলা উপভোগ করতে পারেন। তিনি বলেন, দেশীয় পণ্যের প্রতি মানুষের আস্থা ও আগ্রহ বাড়ানো এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কার্যকর বাজার তৈরি করাই তাদের মূল উদ্দেশ্য। অনলাইন প্রতিযোগিতার এই সময়ে অনেক উদ্যোক্তা সরাসরি ক্রেতার কাছে পৌঁছানোর সুযোগ পান না, আর এই মেলা সেই সুযোগ তৈরি করবে বলে জানান তিনি।
সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান সময়ে বড় বড় ব্র্যান্ড ও অনলাইন ব্যবসার সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। অনেকের ভালো মানের পণ্য থাকলেও তা বাজারজাত করার কার্যকর প্ল্যাটফর্মের অভাব রয়েছে। এই বাস্তবতায় কর্ণফুলীর এই বাণিজ্য মেলা হয়ে উঠতে পারে নতুন সম্ভাবনার দুয়ার।
মেলায় স্থানীয় উদ্যোক্তাদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকেও অংশগ্রহণের আগ্রহ দেখা যাচ্ছে। ফলে একদিকে যেমন পণ্যের বৈচিত্র্য বাড়বে, তেমনি দর্শনার্থীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করছেন আয়োজকরা।
স্থানীয় বাসিন্দাদের মতে, কর্ণফুলীতে নানা ধরনের আয়োজন হলেও দেশীয় শিল্প ও পণ্যকে কেন্দ্র করে এমন উদ্যোগ খুব একটা দেখা যায় না। তাই এই মেলা স্থানীয় ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।
মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, “দেশীয় পণ্যের বাণিজ্য মেলা-২০২৬” শুধু কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; এটি দেশীয় শিল্পের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি, স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং কর্ণফুলীর অর্থনীতিতে নতুন গতি সঞ্চারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ১৬ আগস্ট থেকে শুরু হওয়া এই আয়োজন দেশীয় পণ্যের প্রতি মানুষের ভালোবাসা ও আস্থার এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলেই বিশ্বাস সংশ্লিষ্টদের।



