
যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত রেজাউল ইসলাম (৩৮)। মঙ্গলবার (১২ আগস্ট) রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত রেজাউল ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে একদল দুর্বৃত্ত রেজাউল ইসলামকে বাড়ি থেকে ডেকে পাশের একটি চায়ের দোকানে নিয়ে যায়। সেখানে তারা একসঙ্গে চা পান করার পর ফেরার পথে বাড়ির সামনেই পূর্ব পরিকল্পিতভাবে রেজাউলের উপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে তাকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায় হত্যাকারীরা।
খবর পেয়ে যশোর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, নিহত রেজাউল যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং তার নামে একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।
এদিকে হত্যার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। প্রতিবেশী আবুল হোসেন বলেন, “রাতের এ ঘটনা আমাদের সবাইকে শঙ্কিত করেছে। আমরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে জোর তৎপরতা চালাচ্ছে।



