
কর্ণফুলীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথ্যচিত্র ও দেওয়ালিকা প্রদর্শনীতে চট্টগ্রামের প্রথম শহিদ ওয়াসিম আকরামের ছবি না রাখায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার শিকলবাহা ক্রসিং মোড় থেকে নতুন উপজেলা পরিষদ পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শহিদ ওয়াসিম আকরাম ছিলেন চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানায়ক। তার আত্মত্যাগের মাধ্যমে ছাত্র আন্দোলনের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। কিন্তু কর্ণফুলী উপজেলা পরিষদের নতুন ভবন উদ্বোধন ও তারুণ্যের উৎসব মেলা উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে তার ছবি না রাখা চরম অবমাননাকর। যারা এই সিদ্ধান্তের সাথে জড়িত, তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা।
সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি এবং সঞ্চালনা করেন সদস্য সচিব কামরুদ্দীন সবুজ। এতে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, নূর শাহেদ খান রিপন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাঈনউদ্দীন মনির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফারুক, জেলা যুবদল নেতা শওকত আলী প্রমুখ।
বক্তারা আরও বলেন, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহিদ ওয়াসিম আকরাম ছিলেন ছাত্রদলের আবেগ ও অনুভূতির প্রতীক। তার ছবি বাদ দেওয়া মানে চট্টগ্রামের ছাত্র আন্দোলনের ইতিহাসকে বিকৃত করা। এ ঘটনার প্রতিবাদে পরবর্তী কর্মসূচির ঘোষণা শিগগিরই দেওয়া হবে বলে জানানো হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য ফয়সাল শিকদার সোহান, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ফরহাদুল ইসলাম হৃদয়, যুগ্ম আহ্বায়ক শহিদুল হক, ছাত্রদল নেতা গাজী শহীদ মো. আরিফ, ফরহাদ হোসেন আসিফ, রহিত শিকদার, নুরুল ইসলাম আসিফ, শ্রমিকদল নেতা আরজু, স্বেচ্ছাসেবক দল নেতা মো. ইসমাইল, যুবদল নেতা আমজাদ, মো. বাহার উদ্দীনসহ অনেকে।
ছাত্রদল নেতারা জানান, ২৪ ঘণ্টার মধ্যে দুঃখ প্রকাশ না করলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে, যা সারাদেশেপ্রভাব ফেলবে।


