
২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ১৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হওয়া বাংলা (প্রথমপত্র) পরীক্ষায় উপজেলার তিনটি কেন্দ্রে মোট ১ হাজার ৪৮২ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন ১ হাজার ৪৬৮ জন।
আবদুল জলিল বহুমুখী (কৃষি) উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অংশ নেয় চারটি বিদ্যালয়ের মোট ৬৪০ জন শিক্ষার্থী। এদের মধ্যে তিনজন ছাত্রী অনুপস্থিত ছিলেন। দ্বিতীয় কেন্দ্র দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৭৭ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৫৭০ জন, অনুপস্থিত ছিলেন ৭ জন—তাদের মধ্যে ১ জন ছাত্র ও ৬ জন ছাত্রী। দাখিল পরীক্ষার জন্য নির্ধারিত ফয়জুল বারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রে মোট ২৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২৬১ জন, অনুপস্থিত ৪ জন (২ ছাত্র, ২ ছাত্রী)।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ তৎপর ছিল। কেন্দ্রগুলো পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. বাবুল চন্দ্র নাথ। শিক্ষা কর্মকর্তা বলেন, “পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। অভিভাবক, শিক্ষক ও প্রশাসনের সমন্বয়ে একটি নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।”



