বুধবার, জুন ৩, ২০২৬

― Advertisement ―

spot_img

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে মার্কিন অভিযান, বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোরুক ও কেশম দ্বীপে বিমান হামলা চালিয়েছে...

চট্টগ্রামে পবিত্র ওরস মোবারককে ঘিরে ভক্তদের উৎসবমুখর প্রস্তুতি

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আহলা দরবার শরীফে কুতুবে জমান হযরত জনাব কাজী আছাদ আলী শাহ ছাহেব কেবলা (রহ.) এর মহাপবিত্র বেছাল বার্ষিকী ওরস মোবারককে ঘিরে ভক্ত-অনুরাগীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর ও আধ্যাত্মিক আবহ। আগামী মঙ্গলবার (১২ মে/২৯ বৈশাখ) অনুষ্ঠিতব্য এ ওরস মোবারক উপলক্ষে ইতোমধ্যে দরবার শরীফ এলাকায় ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত আশেকান, মুরিদান ও ভক্তদের আগমনে পুরো এলাকা প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে।

আহলা দরবার শরীফ সূত্রে জানা যায়, হযরত কাজী আছাদ আলী শাহ ছাহেব কেবলা (রহ.) ছিলেন হুজুর গাউসুল আজম মাইজভান্ডারী (ক.) এর অন্যতম প্রধান খলিফা এবং চট্টগ্রামের একজন প্রখ্যাত আধ্যাত্মিক সাধক। তাঁর আদর্শ, মানবপ্রেম ও ইসলামের সুমহান শিক্ষার কারণে আজও অসংখ্য মানুষ তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রতি বছরের মতো এবারও তাঁর পবিত্র ওরস মোবারক উপলক্ষে হাজারো ভক্তের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।

ওরসকে কেন্দ্র করে দরবার শরীফে আলোকসজ্জা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং আগত ভক্তদের জন্য আবাসন ও খাবারের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন যাতে আগত মুসল্লি ও ভক্তরা নির্বিঘ্নে ধর্মীয় কার্যক্রমে অংশ নিতে পারেন।

আঞ্জুমানে গাউসিয়া আসাদিয়া নুরিয়া মেজবাহিয়া মঞ্জিলের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ ওরস মোবারকে দিন-রাতব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, খতমে গাউছিয়া শরীফ, রওজা শরীফে গিলাপ ও মাল্যদান, জীবনী শরীফ আলোচনা, জিকির-আজকার, ছেমা মাহফিল এবং আখেরি মোনাজাত। মোনাজাত শেষে উপস্থিত ভক্তদের মাঝে তবারুক বিতরণ করা হবে।

আখেরি মোনাজাত পরিচালনা করবেন আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত হযরতুল আল্লামা শাহ সূফী সৈয়দ মুহাম্মদ মেজবাহ উদ্দিন ছাহেব আল কাদেরী আল চিশতি (ম.জি.আ)। অনুষ্ঠান পরিচালনায় থাকবেন নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মুফতি মুহাম্মদ রিদুয়ানুল ইসলাম (ম.জি.আ) এবং শাহজাদা সৈয়দ মুহাম্মদ রিজুয়ানুল ইসলাম (ম.জি.আ)।

দরবারে আগত ভক্তরা জানান, এই ওরস শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি আত্মশুদ্ধি, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের এক মহামিলন। প্রতিবছরের মতো এবারও ওরসকে ঘিরে তাদের মাঝে বিশেষ অনুভূতি কাজ করছে।

একাধিক ভক্ত বলেন, “আহলা দরবার শরীফে আসলে হৃদয়ে এক ধরনের প্রশান্তি অনুভব হয়। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে একসঙ্গে জিকির-আজকার ও মোনাজাতে অংশ নিই। এটি আমাদের আধ্যাত্মিক বন্ধনের অন্যতম বড় আয়োজন।”

আয়োজক কমিটির সদস্যরা জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভক্তদের ওরসে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি যানজট নিরসন ও শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের সহযোগিতাও নেওয়া হয়েছে।

ওরস মোবারককে ঘিরে পুরো আহলা দরবার শরীফ এলাকায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে। আধ্যাত্মিক পরিবেশ, জিকির-আজকারের ধ্বনি এবং ভক্তদের মিলনমেলায় চট্টগ্রামের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য চিত্র ফুটে উঠেছে।