বুধবার, জুন ৩, ২০২৬

― Advertisement ―

spot_img

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে মার্কিন অভিযান, বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোরুক ও কেশম দ্বীপে বিমান হামলা চালিয়েছে...

আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে সংবাদ সম্মেলন

চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে ২০২৬) বেলা ১১টায় আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের সেমিনার কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনের শুরুতে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতা, মুক্তিযুদ্ধের শহীদ এবং আইইবি’র প্রয়াত প্রকৌশলীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, প্রকৌশলীদের আত্মত্যাগ ও অবদানের মাধ্যমেই দেশের অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হয়েছে এবং ভবিষ্যতেও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় প্রকৌশলীদের ভূমিকা অপরিহার্য।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন কর্তৃত্ববাদী শাসনের অধীনে প্রকৌশলীরা পেশাগতভাবে নানা বৈষম্য ও নির্যাতনের শিকার হয়েছেন। দলীয়করণ ও অপ্রকৌশলীদের নেতৃত্বের কারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে জটিলতা সৃষ্টি হয়েছে এবং এতে দেশের উন্নয়ন ব্যাহত হয়েছে।

তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর আইইবি’র পূর্বতন কমিটি দায়িত্ব থেকে সরে দাঁড়ালে চট্টগ্রাম কেন্দ্রের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। পরবর্তীতে ২০২৫ সালের ১০ জানুয়ারি প্রকৌশলীদের অংশগ্রহণে একটি বিশেষ সভার মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়, যা কেন্দ্রীয় কাউন্সিল কর্তৃক অনুমোদিত হয়েছে। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকে প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে ‘প্রযুক্তিনির্ভর বাংলাদেশ নির্মাণ: টেকসই উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা’ শ্লোগান তুলে ধরে দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট, জলাবদ্ধতা, যানজট, অবকাঠামোগত দুর্বলতা, বন্দর ও নৌপরিবহন খাতের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি, দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানো এবং আমদানিনির্ভরতা কমানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া অবকাঠামো নির্মাণে মান নিয়ন্ত্রণ জোরদার, দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, প্রকৌশলীদের যথাযথ পদায়ন ও পদোন্নতি নিশ্চিতকরণসহ আট দফা দাবি তুলে ধরা হয়। বিশেষ করে, প্রকৌশল সংস্থাগুলোর শীর্ষ পদে প্রকৌশলীদের নিয়োগ এবং বিদেশি নির্ভরতা কমিয়ে দেশীয় মেধাবী প্রকৌশলীদের কাজে লাগানোর আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ৭ মে জাতীয় পতাকা ও আইইবি’র পতাকা উত্তোলন, র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ৮ মে বিকালে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা প্রদান, প্রেজেন্টেশন ও নৈশভোজসহ নানা আয়োজন থাকবে। এতে প্রধান অতিথি হিসেবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন, প্রকৌশলী মোঃ নুরুল আলম, সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মোঃ আমিনুর রহমানসহ কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং সিনিয়র প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রকৌশলীদের যথাযথ মূল্যায়ন ও মর্যাদা প্রদান জরুরি। একইসঙ্গে সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করা হয়।