
চট্টগ্রামের কর্ণফুলীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে বিতর্কিত কনটেন্ট ও রাজনৈতিক নেতাদের সরাসরি সমালোচনার কারণে আলোচিত ‘ভাইরাল দিদার’ অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন। সোমবার (১১ আগস্ট) দুপুরে নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেপ্তারকৃত দিদার হোসাইন চৌধুরী ওরফে ভাইরাল দিদার চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আবুল কালামের ছেলে। এলাকায় তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত হলেও কোনো আনুষ্ঠানিক পদ-পদবি কখনো প্রকাশ্যে আসেনি। স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দিদার তার ব্যক্তিগত ফেসবুক পেইজে আওয়ামী লীগের নেতাদের কর্মকাণ্ড ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে ধারাবাহিক সমালোচনা শুরু করেন।
দিদারের লাইভে কর্ণফুলী আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর অতীত ইতিহাস, বিতর্কিত ঘটনা ও অভ্যন্তরীণ কোন্দল উঠে আসে, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তার পোস্ট ও ভিডিওতে অনেক সময় নেতাকর্মীদের বিরুদ্ধে তীব্র ভাষায় মন্তব্য করতেন, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
কর্ণফুলী থানার (তদন্ত) ওসি রফিকুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী দিদারকে আটক করেছে পুলিশ, পরে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়।



