মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

― Advertisement ―

spot_img

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হয়েছে, কর্ণফুলীতে প্রবল স্রোত

চট্টগ্রামের রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট। শনিবার (১৮ জুলাই) সকাল থেকে জলকপাট খুলে দেওয়ার পর...

কর্ণফুলীতে ট্রলারে আগুন: দগ্ধ ৬ জনের মধ্যে দুজনের মৃত্যু

ঢাকায় নেওয়ার পথে প্রাণ হারালেন রুবেল ও শাহ আলম; একজন আইসিইউতে, তদন্ত শুরু
File Picture

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা একটি ফিশিং ট্রলারের ইঞ্জিন কক্ষে অগ্নিকাণ্ডে দগ্ধ ছয়জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার (৩০ জুন) রাতে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় একজন গুরুতর অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন এফবি দেশ ট্রলারের গ্রিজার রুবেলশাহ আলম। রুবেলের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এবং শাহ আলমের বাড়ি নোয়াখালী জেলায়। বুধবার সকালে নিজ নিজ এলাকায় তাদের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

ট্রলারটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ জানান, গুরুতর দগ্ধ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে রুবেল ও শাহ আলমের মৃত্যু হয়। পরে পরিবারের ইচ্ছানুযায়ী তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

বর্তমানে দগ্ধ ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে উইন্স অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল এবং নাবিক সিদ্দিক আহমেদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে কর্ণফুলী নদীর সদরঘাট সাম্পানঘাট এলাকায় নোঙর করা এফবি দেশ নামের ফিশিং ট্রলারের ইঞ্জিন কক্ষে হঠাৎ বিস্ফোরণসদৃশ শব্দের পর আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ট্রলারে কর্মরত ছয়জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ জানান, সাগরে মাছ ধরা শেষে সোমবার ট্রলারটি কর্ণফুলী নদীতে নোঙর করেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের বৈদ্যুতিক স্পার্ক থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্তের ফলাফলের অপেক্ষা করতে হবে।

ঘটনার পর বিষয়টি সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

স্থানীয়দের মতে, কর্ণফুলী নদীতে নোঙর করা মাছ ধরার ট্রলারগুলোতে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, ইঞ্জিন কক্ষ ও বৈদ্যুতিক যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।