
মার্কিন প্রতিনিধিদল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। কেন সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে, সে প্রশ্নের কোনো উত্তর দেয়নি হোয়াইট হাউস।
ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা সম্পর্কে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা ছিল ট্রাম্পের সাবেক উপদেষ্টা কিথ কেলগ ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। তবে শেষ মুহূর্তে সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়।
এর আগে জেলেনস্কি বলেছিলেন, তিনি ইউক্রেনে চলমান পরিস্থিতি ব্যাখ্যা করতে চান এবং কেলগকে বাস্তব পরিস্থিতি দেখাতে আগ্রহী।
কেলগ ট্রাম্প প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারক ছিলেন। তিনি ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অন্যতম রূপকার এবং দীর্ঘদিন ট্রাম্পের প্রতিরক্ষাবিষয়ক শীর্ষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জেলেনস্কি তাঁর টেলিগ্রাম চ্যানেলে জানান, কেলগের সঙ্গে তাঁর বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং তাঁরা বিস্তারিত আলোচনা করেছেন। বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা ও রাশিয়া থেকে বন্দী মুক্তির বিষয়ে কথা হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা শান্তি প্রতিষ্ঠাকে নির্ভরযোগ্য ও স্থায়ী করতে পারি। এটি অবশ্যই নিশ্চিত করতে হবে, যাতে রাশিয়া আর কখনো যুদ্ধ বাঁধাতে না পারে।’
জেলেনস্কি জানান, ইউক্রেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বিনিয়োগ ও নিরাপত্তা বিষয়ক একটি শক্তিশালী ও উপকারী চুক্তির জন্য প্রস্তুত।
সম্প্রতি জেলেনস্কি ও ট্রাম্প একে অপরের সমালোচনা করেছেন। গত মঙ্গলবার রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো এবং দ্বিপক্ষীয় কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কোন্নয়নে কাজ করতে সম্মত হয়। এরপর থেকেই দুই নেতার মধ্যে মতবিরোধ প্রকাশ্যে আসে। ট্রাম্পের এই সিদ্ধান্ত রাশিয়াকে বিচ্ছিন্ন করার তিন বছরের মার্কিন নীতি হঠাৎ পরিবর্তন করে দিয়েছে, যা ইউরোপীয় নেতাদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।



