
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে সংঘর্ষ শুরু হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের সমর্থকরা পরস্পরের ওপর শতাধিক হাতবোমা (ককটেল) নিক্ষেপ করে। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে এলাকা প্রকম্পিত হয়, তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী এবং স্বেচ্ছাসেবকলীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। সকালে একটি তুচ্ছ ঘটনা কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয় এবং পরে তা রূপ নেয় সংঘর্ষে। এতে হাতবোমা বিস্ফোরণে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের একটি ১৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় দুই পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে বালতি ও হেলমেট পরা অবস্থায় পরস্পরের দিকে হাতবোমা নিক্ষেপ করছে।
এই বিষয়ে কথা বলার জন্য চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা জলিল মাদবরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আখন্দ জানান, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে এবং কেউ আহত হয়েছে এমন খবর পাওয়া যায়নি।”



