
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বোলান এলাকায় ভয়াবহ ট্রেন হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। আজ মঙ্গলবার (১২ মার্চ) সকালে ‘জাফফার এক্সপ্রেস’ ট্রেনটি কোয়েটা থেকে পেশওয়ারের পথে থাকাকালীন হামলার শিকার হয়। হামলাকারীরা ট্রেনের ভেতর থাকা ১৮২ জন যাত্রীকে জিম্মি করেছে, যার মধ্যে সেনাসদস্যসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন।
বিএলএ একটি বিবৃতিতে জানিয়েছে, তারা নারী, শিশু ও বেলুচ নাগরিকদের মুক্তি দিলেও সেনাসদস্যদের কোনোভাবেই ছেড়ে দেবে না। তারা হুমকি দিয়েছে, যদি পাকিস্তানি সেনারা ওই এলাকা না ছাড়ে, তাহলে সব জিম্মিকে হত্যা করা হবে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ট্রেনটি বর্তমানে একটি সুড়ঙ্গের ভেতরে আটকে আছে। ট্রেনের চালক গুরুতর আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালাচ্ছে এবং দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় চলছে।
বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসা বিএলএ পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। তারা অভিযোগ করেছে, সরকার অন্যায্যভাবে বেলুচিস্তানের গ্যাস ও খনিজ সম্পদ ব্যবহার করছে।
এ ঘটনায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “নিরপরাধ যাত্রীদের ওপর যারা হামলা চালিয়েছে, তারা মানবতা বিরোধী অপরাধী, এবং তাদের কোনো ছাড় দেওয়া হবে না।”
সরকারি বাহিনী ট্রেনের যাত্রীদের উদ্ধারে বড় ধরনের অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। দেশের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।



