
আসামিকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তৎকালীন র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, আলেপ উদ্দিন আসামির স্ত্রীকে ক্রসফায়ার থেকে মুক্তি দেওয়ার শর্ত হিসেবে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিতেন। স্বামীকে বাঁচাতে বাধ্য হয়ে ওই নারী র্যাব কর্মকর্তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন। এভাবে ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে এক নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে আলেপ উদ্দিনের বিরুদ্ধে। অভিযোগ উঠার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সম্পর্কিত আলজাজিরার সাংবাদিক মউদুদ সুজনের একটি পোস্ট শেয়ার করেছেন। সেই পোস্টে মউদুদ সুজন ফেসবুকে লিখেছেন, ‘গুম হওয়া স্বামী বলছেন পবিত্র শবে কদরের দিন রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় তার স্ত্রীকে। এর আগেও প্রায় তিনবার ধর্ষণ করা হয়েছে স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে। শেষবার ধর্ষণের পর স্ত্রীর মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পরে মৃত্যুবরণ করেন।’ সেই পোস্টে ধর্ষকের নাম জানিয়ে লেখা হয়, ‘ধর্ষক র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, নাম আলেপ। স্বামী সবকিছু হারিয়ে যখন আলেপকে বারবার ফোন দিতে থাকেন, আলেপ রিপ্লাইয়ে জানান, “বন্দি মেয়ে বা বন্দি পুরুষদের স্ত্রীদের সাথে এমন আচরণ এখানে অলিখিতভাবে স্বীকৃত”।’ মউদুদ সুজন সেই র্যাব কর্মকর্তার বিচার চেয়ে লিখেছেন, ‘মানুষ কতটা নিচুতে নামলে নিজের মা/স্ত্রী/মেয়ে থাকা সত্ত্বেও একজন বন্দির স্ত্রীকে এমনভাবে ট্রিট করে! এই র্যাব কর্মকর্তা আলেপের বিচার সবার আগে হওয়া উচিত।’



