
ইউক্রেন যুদ্ধ সমাধানের লক্ষ্যে আসন্ন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বৈঠকের প্রস্তুতি হিসেবে সৌদি আরব সফর করছেন মার্কিন ও রুশ শীর্ষ কর্মকর্তারা। এরই অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইতোমধ্যে রিয়াদে পৌঁছেছেন।
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সোমবার রিয়াদের আল-ইয়ামামাহ প্রাসাদে মার্কো রুবিওকে স্বাগত জানান। এই সাক্ষাতে তারা দুই দেশের সম্পর্ক ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আজ রুবিও রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সঙ্গে বৈঠকে বসবেন, যেখানে ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর এটি দুই দেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনা হিসেবে বিবেচিত হচ্ছে।
মার্কিন প্রতিনিধিদলে রয়েছেন ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং হোয়াইট হাউজের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ, যিনি একজন বিলিয়নিয়ার এবং ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু। রুশ প্রতিনিধি দলে ল্যাভরভের সঙ্গে অংশ নিচ্ছেন ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। উভয় পক্ষের এই আলোচনাকে যুদ্ধের সমাপ্তির পথে একটি সম্ভাব্য প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যদিও আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু হচ্ছে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে, রাশিয়ার দাবি, এই বৈঠকের মূল লক্ষ্য মার্কিন-রুশ সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা করা। এই বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে এবং এটি ইউক্রেন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। তবে আলোচনার সফলতা সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, যদিও এটি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।



