বুধবার, জুলাই ২৯, ২০২৬

― Advertisement ―

spot_img

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হয়েছে, কর্ণফুলীতে প্রবল স্রোত

চট্টগ্রামের রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট। শনিবার (১৮ জুলাই) সকাল থেকে জলকপাট খুলে দেওয়ার পর...

মসজিদের কমিটি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ, নিহত দিদারুল, চার সহোদর আটক

চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের দেওদিঘী এলাকায় মসজিদের পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে রক্তাক্ত সংঘর্ষে মো. দিদারুল ইসলাম (৪৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৭ জুন) মধ্যরাতে নিজ বাড়ির উঠানে এ ঘটনায় দিদারুলের ছোট ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে রোববার (৮ জুন) সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ ও ১০–১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

নিহত দিদারুল ইসলাম দেওদিঘী এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে। অভিযুক্তদের মধ্যে একই এলাকার চার সহোদর—সরোয়ার আজম (৫১), নাজিম উদ্দিন (৩৫), নুরুল আজিম ওরফে বাদশা (৩৪) ও সাইফুল আজম (৪২)—কে পুলিশ গ্রেপ্তার করেছে। তারা সবাই মৃত নুরুল ইসলামের ছেলে।

মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দেওদিঘী শাহী জামে মসজিদের পরিচালনা কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। শনিবার রাতে দিদারুলদের এক ভাতিজার বিয়ের পারিবারিক বৈঠক চলাকালে সরোয়ার আজমের নেতৃত্বে একদল লোক লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির উঠানে হামলা চালায় এবং সিসি ক্যামেরা ভাঙচুর করে। এ সময় প্রতিবাদ করতে গেলে আবু তাহেরের হাতে থাকা লোহার রডের আঘাতে দিদারুল গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে অভিযুক্তদের দাবি, দিদারুল আগে থেকেই অসুস্থ ছিলেন এবং ওই হামলার সঙ্গে তারা জড়িত নন। তারা ঘটনাস্থলে উপস্থিতই ছিলেন না বলে দাবি করেছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, “নিহতের ভাইয়ের করা মামলার ভিত্তিতে এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার তদন্ত চলছে এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। মসজিদ পরিচালনা কমিটির বিরোধ থেকে এমন মর্মান্তিক ঘটনা প্রমাণ করে স্থানীয় দ্বন্দ্ব কীভাবে ভয়াবহ রূপ নিতে পারে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে।