
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পাম তেল মজুদের বিরুদ্ধে বড় অভিযান চালিয়েছে প্রশাসন। রমজান মাসকে সামনে রেখে ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি এবং অবৈধ মজুদের অভিযোগে ২ মার্চ ২০২৫, বিকেল ৫টায় শিকলবাহা পাইপের গোড়ায় ভাড়াকৃত একটি ঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের পাম তেল ব্যারেল ও বোতলে মজুদ করা অবস্থায় পাওয়া যায়। অভিযানের সময় মালিকপক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে প্রশাসন।
জব্দকৃত পাম তেল স্থানীয় শিকলবাহা ৮ নম্বর ইউনিয়ন পরিষদের সদস্যের জিম্মায় রাখা হয়েছে। প্রশাসন জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর এই তেলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। রমজান মাসকে ঘিরে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট এবং মূল্যবৃদ্ধি রোধে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।



